শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, আহত বহু। তবে মৃত ও আহত এর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপর্যস্ত নাগেকে অঞ্চল থেকে ২০০০ নাগরিককে সরানো হচ্ছে নিরাপদ দূরত্বে। জোরালো ভূমিকম্পের পর উপকূলে প্রায় ৩ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ে। 

রিখটার স্কেলে কম্পোনের মাত্রা ছিল ৭.৭। এই প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ইতিমধ্যেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। 

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (BMKG) জানায়, ভোর ৪টে ৫৮ মিনিটে উপকূলে মাটির ১৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। ভূমিধসে বন্ধ রাস্তা, বিচ্ছিন্ন বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ। উদ্ধারকারীরা ফেরিতে করে জলপথে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন।

এনডে জেলার একটি হাসপাতাল থেকে রোগীদের তড়িঘড়ি রাস্তায় বের করে আনা হয়। উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিপজ্জনক ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ঘনঘন এমন দুর্যোগ ঘটে। তবে পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া জানিয়েছে, এই কম্পনে তাদের কোনো বিপদ নেই।