প্যারিসে গিয়েও নারীবিদ্বেষী মনোভাবে অনড় রইলেন ‘বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ (BAPS)-এর প্রায় ১০০ জন সদস্যের একটি প্রতিনিধিদল। গত শনিবার (৫ সেপ্টেম্বর) তাঁরা আইফেল টাওয়ার পরিদর্শনে যান। কিন্তু সেই সময় আইফেল টাওয়ারের সমস্ত মহিলা কর্মীকে সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। এমনই বিস্ফোরক অভিযোগে উত্তাল প্যারিস। 

এই সফরের আগে সংগঠনের তরফে আইফেল টাওয়ার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল যেন সন্ন্যাসী ও সদস্যদের সামনে কোনও নারী কর্মী না আসেন, অর্থাৎ নারীদের সাথে তাঁদের সংযোগ যাতে সীমিত রাখা হয়। আর এই নিয়েই প্রতিবাদে সরব হলেন আইফেল টাওয়ারের সব কর্মী। ফলে তাদের ডাকা অবরোধে ঐতিহ্যের আইফেল টাওয়ারই বন্ধ (Eiffel Tower Strike) হয়ে গেল পারিসে।  

আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা SETE এই বিতর্কিত শর্ত মেনে নেয়। সিজিটি (CGT) ট্রেড ইউনিয়নের প্রতিনিধি দিয়ান দাভোয়েন জানান, “প্রতিনিধিদলটি আসার পর কর্তব্যরত নারী কর্মীদের তাঁদের কাজের জায়গা থেকে সরিয়ে পুরুষ কর্মীদের সেখানে বসানো হয়। এমনকি কিছু নির্দিষ্ট এলাকায় নারীদের যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছিল।” সিজিটি (CGT)-র তরফে ওই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। লিঙ্গ পরিচয়ের জন্য মহিলাদের কোণঠাসা করার মানসিকতা এবং এই ধরনের আচরণ সত্যিই নিন্দনীয়। 

এই ঘটনার প্রতিবাদে কর্মীদের ধর্মঘট, স্তব্ধ আইফেল টাওয়ার। কাজের জায়গায় এই চরম লিঙ্গবৈষম্য ও সহকর্মীদের এমন অপমানের বিষয়টি মেনে নিতে পারেননি আইফেল টাওয়ারের অন্যান্য কর্মীরা। ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই তাঁরা পূর্ণাঙ্গ ধর্মঘট ও কর্মবিরতির ডাক দেন। ফলে সপ্তাহের প্রথম দিনেই পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দিতে হয় আইফেল টাওয়ার। গেটের বাইরে ঝুলিয়ে দেওয়া হয় “অপারেশনাল কারণে বিলম্ব” সংক্রান্ত নোটিশ। 

‘বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ নিজেদের আন্তর্জাতিক সংগঠন বলে দাবি করে। তাদের দাবি, বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা'টি বৈদিক ঐতিহ্য, ভগবান স্বামীনারায়ণের শিক্ষায় দীক্ষিত। বেদ, উপনিষদ, ভগবদ গীতাকে নিজেদের পথপ্রদর্শক বলে দাবি করে তারা। 'সনাতন ধর্মের' জাগরণে নিজেদের অগ্রভাগে রেখেছে। কিন্তু তাঁদের এ হেন আচরণ এবং দৃষ্টিভঙ্গি স্বভাবতই প্রশ্ন তুলে দেয় আমাদের প্রাচীন শাস্ত্রে কি এমন লিঙ্গবৈষম্যর কথা উল্লেখ করা আছে? উত্তপ্ত প্যারিস সহ গোটা দেশের নারী সমাজ এই উত্তরের অপেক্ষায়।