নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার তীব্র বিরোধিতা নিউইয়র্কের প্রগতিশীল হিন্দু মানবাধিকার সংগঠনের। 'হিন্দুজ ফর হিউম্যান রাইটস'-এর পক্ষ থেকে নিউইয়র্কের (New York) মেয়র জোহরান মামদানিকে (Mayor Zohran Mamdani) এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানটি বাতিলের জন্য ম্যাডিসন স্কোয়ার গার্ডেন (MSG) কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর আহ্বান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২৯ অগাস্ট আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সভা করার কথা রয়েছে। কিন্তু তার বিরোধিতায় সরব 'হিন্দুজ ফর হিউম্যান রাইটস'। সমাজ মাধ্যমে রীতিমতো ভিডিও পোস্ট করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, "আপনি কি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ফোন করার জন্য পাঁচ মিনিট সময় বের করতে পারবেন? আগামী ২৯ অগাস্ট আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা আমরা এমএসজি-কে বাতিল করার অনুরোধ জানাচ্ছি।" ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের 'গেস্ট রিলেশনস' (Guest Relations) বিভাগের ফোন নম্বর সেখানে দেওয়া হয়েছে। 

একই সঙ্গে নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র মামদানিকে পাঠানো বার্তায় বলা হয়েছে, RSS ভারতের হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তরের পক্ষে কাজ করছে বলে অভিযোগ। বার্তায় দাবি, এর ফলে মুসলিম, খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের দেশে প্রান্তিক বা বহিরাগত হিসেবে কোণঠাসা হতে পারেন।

বার্তায় স্পষ্ট বলা হয়, “RSS হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। মোহন ভাগবতও আমাদের সম্প্রদায়ের হয়ে কথা বলেন না।” 'হিন্দুজ ফর হিউম্যান রাইটস'-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ধর্মীয় বহুত্ববাদ, সমতা ও মানবিক মর্যাদায় বিশ্বাসী। তাদের মতে, নিউইয়র্কের অন্যতম বিখ্যাত সাংস্কৃতিক মঞ্চ MSG-কে ব্যবহার করে হিন্দুত্ববাদী রাজনীতিকে সংস্কৃতি এবং সাম্প্রদায়িক আধিপত্যকে তুলে ধরার চেষ্টা তারা করতে দিতে চান না।

 সংগঠনের তরফ থেকে নিউইয়র্কে বসবাসকারী হিন্দুদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ফোন করে তাঁদের বিরোধিতার বিষয়টি সংক্ষেপে জানান। বলুন, "আমি একজন হিন্দু। মোহন ভাগবত এবং আরএসএস আমাকে কিংবা আমি যে হিন্দুধর্মে বিশ্বাস করি, তাকে প্রতিনিধিত্ব করে না। আমি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনকে অনুরোধ করতে ফোন করছি যেন ২৯ অগাস্ট মোহন ভাগবতের অনুষ্ঠানটি বাতিল করা হয়। ভাগবত আরএসএস-এর প্রধান। এই সংগঠনটি ভারতের হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মহাত্মা গান্ধীর হত্যাকারী আরএসএস-এর সদস্য ছিলেন। আমি মনে করি না যে ঘৃণা ও ধর্মীয় বিভাজনের এই রাজনীতিকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে উদযাপন করা উচিত। দয়া করে আমার এই উদ্বেগের বিষয়টি নথিবদ্ধ করুন এবং এমএসজি (MSG) কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধটি পৌঁছে দিন। ধন্যবাদ।”

মেয়র মামদানির কাছে পাঠানো বার্তায় আবেদন জানানো হয়, "ধর্মীয় জাতীয়তাবাদ ও ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া নিউইয়র্কবাসীদের পাশে দাঁড়ানো এবং মোহন ভাগবতের অনুষ্ঠান নিয়ে স্পষ্ট অবস্থান প্রকাশ করা জরুরি।"

এই সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) লাগাতার পোস্ট এবং ভিডিওতে আরএসএস প্রধানের সভার যে পরিমাণ বিরোধিতা করা হচ্ছে, তাতে ২৯ তারিখ ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বড়োসড়ো প্রতিবাদের আভাস মিলছে।