নেপালের (Nepal) ভয়াবহ হড়পা বানের ধ্বংসলীলার মধ্যে এবার সামনে এল অবিশ্বাস্য এক বেঁচে যাওয়ার গল্প। রাক্ষুসে জলের স্রোতে যখন একের পর এক বাড়ি, গাড়ি, রাস্তা, ব্রিজ মুহূর্তের মধ্যে ভেসে যাচ্ছে, তখন সেই ধ্বংসস্তূপের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল সবুজ রঙের একটি বহুতল বাড়ি (Building)। শুধু বাড়িটিই নয়, তার উপরের তলায় আশ্রয় নেওয়া মানুষগুলিও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছেন।
সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা গিয়েছে, বাড়িটির সামনে দিয়ে প্রবল গতিতে ছুটে চলেছে বন্যার জল। সেই স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি, ভাঙা বাড়ির অংশ, টিনের চাল থেকে শুরু করে নানা বাড়ির নান আসবাবপত্র। বাড়িটির চারপাশে তৈরি হয়েছিল কার্যত মৃত্যুফাঁদ। এমন পরিস্থিতিতে উপরের তলার বারান্দায় আশ্রয় নিয়েছিলেন কয়েকজন মানুষ। চারপাশের ভয়াবহ পরিস্থিতি দেখে তাঁদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে।
জল নামার পরের ছবিতেও দেখা গিয়েছে, চারপাশের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও বাড়িটির মূল কাঠামো এখনও দাঁড়িয়ে রয়েছে। আশপাশের বহু বাড়ি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কোথাও পড়ে রয়েছে শুধু ভাঙা কংক্রিটের অংশ, কোথাও দাঁড়িয়ে রয়েছে পিলার। বাড়িটির নীচের অংশ ক্ষতিগ্রস্ত হলেও প্রবল জলের ধাক্কা সামলে টিকে রয়েছে বাড়িটি। ভিডিওটি যিনি প্রকাশ করেছেন, তাঁর দাবি, সেখানে আশ্রয় নেওয়া প্রত্যেকেই প্রাণে রক্ষা পেয়েছেন এবং নিরাপদে রয়েছেন।
তবে জল নেমে গেলেও বাড়ির চারপাশের পরিস্থিতি এখনও অত্যন্ত কঠিন। পুরু কাদার স্তরে ঢেকে গিয়েছে গোটা এলাকা। সেখান থেকে হেঁটে বেরিয়ে আসাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ভিডিওতে বাড়ির ছাদে দাঁড়িয়ে এক ব্যক্তিকে উদ্ধারকারী হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণের জন্য লাল কাপড় নাড়তে দেখা গিয়েছে। ভয়াবহ বন্যার তাণ্ডবে চারপাশের জনপদ যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন সেই ধ্বংসের মাঝেও একটি বাড়ির এ ভাবে টিকে থাকা এবং সেখানে আশ্রয় নেওয়া সকলের প্রাণরক্ষা এখন সমাজমাধ্যমে বিস্ময়ের অন্যতম বিষয় হয়ে উঠেছে।
















