পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) কি আর বেঁচে নেই? জেলের মধ্যেই মৃত্যু হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটারের? সাংবাদিকের দাবি ছড়িয়ে পড়তেই উত্তেজনা প্রতিবেশী রাষ্ট্রে। আসল সত্যি প্রকাশ্যে না আনলে অন্তত ২০ লক্ষ সদস্য অনুগামীদের নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি তেহরিক-ই-ইনসাফের (PTI)। 

সূত্রের খবর ওয়াজাহাত সইদ খান নামের এক পাকিস্তানি সাংবাদিক (তিনি আবার আমেরিকা নিবাসী) একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, পাক সনার আধিকারিকদের সূত্রে তিনি নাকি জানতে পেরেছেন যে জেলের মধ্যেই মৃত্যু হয়েছে ইমরানের। তাঁর কথায়, GHQ-এর কমপক্ষে তিন আধিকারিক নাকি এই বিষয়টি জানিয়েছেন।এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে, ইমরান আর জীবিত নেই। পাকিস্তানি সেনা, সেনাপ্রধান গোটা দেশের থেকে বিষয়টি আড়াল করে রেখেছেন। সাংবাদিক যখন এই দাবি করছেন সেই একই সময়ে ইমরানের পরিবারের অভিযোগ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না। ফলে খুব স্বাভাবিকভাবেই ইমরানের মৃত্যু সংবাদ নিয়ে জল্পনা ও উদ্বেগ দুটোই বাড়ছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী তথা PTI নেতা সোহেল আফ্রিদি জানিয়েছেন, আসল সত্যি প্রকাশ্যে না আনলে২০ লক্ষের বেশি মানুষ নিয়ে রাস্তায় নামার জন্য তৈরি তাঁরা। যদিও পাক প্রশাসন বা সরকারের তরফে এ নিয়ে এখনও কোনও মন্তব্য মেলেনি।