খামেনেইর শেষকৃত্যে যোগদান ভারতের, কৃতজ্ঞতা ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর শেষকৃত্যে অংশ নেওয়ায় ভারতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাল ইরান। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে জানানো হয়েছে, দিল্লির এই পদক্ষেপ দুই দেশের 'পারস্পরিক শ্রদ্ধার এক দৃঢ় বহিঃপ্রকাশ'। তেহরানের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কঠিন সময়ে ভারতের পাশে থাকা দু'দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক বন্ধনকে আরও শক্ত করল। প্রসঙ্গত, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর ঠিক ১২৬ দিন পর তেহরানে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়। জাতীয় শোকের এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়াতে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সেখানে পৌঁছায়। শুক্রবার তেহরানে পৌঁছে প্রয়াত খামেনেইর প্রতি শ্রদ্ধা জানান ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন।

সরকারি প্রতিনিধিদের পাশাপাশি ইরানের বিশেষ আমন্ত্রণে ভারতের একটি সর্বদলীয় রাজনৈতিক দলও এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। এই প্রতিনিধি দলে রয়েছেন, প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ (কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিবর্তে), কংগ্রেসের আইটি সেলের প্রধান পবন খেরা, বিজেপির সর্বভারতীয় নেতা নীতিন নবীন, জম্মু-কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, আঞ্জুমান-ই-শারী শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' বিবৃতিতে ইরান সরকার জানিয়েছে, "বন্ধুত্ব, সহানুভূতি ও আন্তরিক শ্রদ্ধার এই নিদর্শন ইরানবাসী কখনই ভুলবে না। ভারতের এই সংহতি দুই দেশের স্থায়ী সম্পর্কের এক মূল্যবান নিদর্শন হয়ে থাকবে।" সব মিলিয়ে, ভারতের এই কূটনৈতিক ও মানবিক উপস্থিতি দুই বন্ধু দেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।