পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি কিছুতেই যেন শান্ত হতে চাইছে না। এবার মার্কিন হামলার জবাব দিতে ওমানের জলসীমায় অবস্থিত হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান (Iran)।ট্যাংকারে কর্মরত এক ভারতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। আহত ৬ ভারতীয়-সহ অন্তত আট জন।
আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সরবরাহ বড়সড় ধাক্কা খেয়েছে। এরপরই হামলা পাল্টা হামলায় বাড়ছে মৃতের সংখ্যা। ইরানের হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে তারা এই ধরণের আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত।হরমুজ প্রণালীর দক্ষিণ শিপিং লেনে 'মোম্বাসা' (Mombasa) এবং 'আল বাহিয়া' (Al Bahiyah) নামের দুটি আরব আমিরশাহির ট্যাংকারে আঘাত হানে ইরানের ক্রুজ মিসাইল। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলা পাল্টা হামলা এখনই বন্ধ হবে না। পাশাপাশি হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের মুখে। পরিস্থিতি ক্রমাগত গুরুতর হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ইরানি হামলার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮১.৯২ ডলারে পৌঁছেছে। এই অবস্থায় জ্বালানির দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
















