ফের পশ্চিম এশিয়ার উত্তেজনা বাড়ল। মঙ্গলবার রাতভর হামলা পাল্টা হামলায় কার্যত মুখোমুখি সংঘাতে ইরান ও আমেরিকা।দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়েছে মার্কিন মিসাইল। অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে এক শিশুও রয়েছে। আহত অন্তত সত্তর।মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে সেনা। পাল্টা আকাশপথে ইরানের একাধিক এলাকা টার্গেট করেছে আমেরিকা। পাল্টা দেশজুড়ে হামলার পরই মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করে ইরানি সেনা। এরপরই সে দেশের সঙ্গে আলাচনার সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ পুরোপুরি তাঁদের দখলে। এবার আর কোনও আলোচনা হবে না।
মঙ্গলবার রাতভর ইরান আমেরিকার আকাশে আক্রমণ পাল্টা আক্রমণ চলল।জর্ডন এবং বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। মিসাইল আছড়ে পড়েছে কুয়েতেও। ইরানের আক্রমণে ২ আমেরিকান সেনার মৃত্যু হয়েছে বলে তেহরান দাবি করলেও তা মানতে নারাজ হোয়াইট হাউস। ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘হরমুজ প্রণালীর প্রায় পুরোটাই এখন আমাদের দখলে। আর ইরানের অর্থনীতি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন ওরা কোনও চুক্তি সই করল কিনা তাতে আমাদের কিছুই যায় আসে না। এবার খামেনেই প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে।'
জল্পনা ছিল প্রবল সামরিক চাপ তৈরি করে ইরানকে ফের আলোচনার টেবিলে বসাতে চাইছে আমেরিকা। কিন্তু ট্রাম্প সেই দাবি উড়িয়ে সাফ জানিয়েছেন, ইরানকে মূল্যহীন কোনও চুক্তিতে সই করল কি না, তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই আমেরিকার। বরং ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে সরাসরি রুখে দাঁড়ানোর ডাক দিলেন প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে সংঘাত মঙ্গলবার রাতের পর এক চরম আকার ধারণ করেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
















