করাচির জঙ্গি হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এবার পাকিস্তানের(Pakistan) পালটা জবাব আফগানিস্তানকে। স্থানীয় সময় রবিবার মাঝরাতে আফগানিস্তানে এয়ারস্ট্রাইক চালাল পাকিস্তান(Pakistan)। ইসলামাবাদের দাবি, ২৯ জন জঙ্গি নিহত হয়েছে এবং বহু অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় ফের আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে(Afghan border) নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। 

গত শনিবার পাকিস্তানের দক্ষিণ প্রান্তের বন্দর শহর করাচিতে সে দেশের আধা সেনা পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দফতরে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। আচমকা সদর দফতরের ভিতরে ঢুকে তারা গুলি চালায়, বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তিনজন সেনা নিহত হন। অন্যদিকে সদর দফতরের নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জঙ্গি মারা গিয়েছে। সেখান থেকে আহত অবস্থায় এক আফগান নাগরিককে আটক করে পুলিশ। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই আফগানিস্তানের পূর্ব প্রান্তের তিন শহরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তান।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার এক্স হ্যান্ডলে জানান, প্রথমে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় অভিযান চালিয়ে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের  শীর্ষ কমান্ডার খান ফরোশ-সহ চার জঙ্গিকে খুন করা হয়। এরপর আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে টিটিপির ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

 পাকিস্তানের দাবি, ওই হামলায় আরও ২৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে। আত্তাউল্লা আরও বলেন, অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি, অস্ত্রভাণ্ডার এবং গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। তাঁর বক্তব্য, পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী হলেও দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস করবে না। হামলাগুলি শুধুমাত্র টিটিপির ঘাঁটিকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আফগানিস্তানের তালিবান প্রশাসনের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।