রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের (Russian President Vladimir Putin) ভারত সফর ঘিরে যেমন কূটনৈতিক মহলে নজর, তেমনই আলোচনায় তাঁর হাই-সিকিউরিটি কনভয় (High-Security Convoy)। সেই কনভয়ের অন্যতম আকর্ষণ তাঁর বিশেষভাবে সুরক্ষিত Aurus Senat—যে গাড়িকে নিরাপত্তার দিক থেকে কার্যত ‘চলন্ত দুর্গ’ বললেও অত্যুক্তি হবে না। বিদেশ সফরে পুতিনের সঙ্গে সাধারণত থাকে তাঁর নিজস্ব সুরক্ষা ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি এই বিলাসবহুল আর্মার্ড লিমুজিন (Armored limousine)। এবার দিল্লির রাস্তায়ও নজর কেড়েছে এই বিশাল গাড়ি। এর আগেও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) পুতিনের সঙ্গে এই গাড়িতে দেখা গিয়েছিল।

Aurus Senat তৈরি হয়েছে রাশিয়ার ‘Kortezh’ প্রকল্পের আওতায়। সরকারি আধিকারিক ও শীর্ষ নেতৃত্বের জন্য দেশীয় বিলাসবহুল এবং সুরক্ষিত গাড়ি তৈরিই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। গাড়িটির ডিজাইনে পুরনো সোভিয়েত যুগের ZIS-110 লিমুজিনের ছাপ রয়েছে। সরকারি ব্যবহারের পাশাপাশি এর একটি বেসামরিক সংস্করণও তৈরি করা হয়, যদিও সেটির উৎপাদন অত্যন্ত সীমিত। Aurus Senat-এর শক্তির উৎস ৪.৪-লিটার টুইন-টার্বো V8 ইঞ্জিন, যার সঙ্গে রয়েছে হাইব্রিড প্রযুক্তি। পাওয়ার প্রায় ৫৯৮ হর্সপাওয়ার, আর সর্বোচ্চ টর্ক প্রায় ৮৮০ Nm। ৯-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের মাধ্যমে এই শক্তি সামলানো হয়। প্রায় ৫.৬৩ মিটার লম্বা এই লিমুজিনের ওজন ও আকার সাধারণ বিলাসবহুল গাড়ির তুলনায় অনেকটাই বেশি—মূলত এর অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা এবং আর্মারিংয়ের কারণে। পুতিনের ব্যবহৃত সংস্করণটি সাধারণ বেসামরিক Senat-এর মতো নয়। এতে উচ্চস্তরের আর্মার ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানা যায়। গাড়িটির মূল উদ্দেশ্যই হল হামলার আশঙ্কার মধ্যেও প্রেসিডেন্টকে নিরাপদে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গাড়িতে রয়েছে আধুনিক ড্রাইভিং-অ্যাসিস্ট প্রযুক্তি, ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত ব্রেকিং সিস্টেম।

এদিকে বাইরে যেখানে কঠোর নিরাপত্তার আবরণ, ভিতরে সেখানে একেবারে রাজকীয় পরিবেশ। উন্নতমানের লেদার, কাঠের ফিনিশ, আধুনিক ইনফোটেইনমেন্ট এবং আরামদায়ক কেবিন—সব মিলিয়ে এটি বিলাসবহুল লিমুজিনের বৈশিষ্ট্যও ধরে রেখেছে। চরম আবহাওয়ার মধ্যেও কাজ করার উপযোগী করে গাড়িটিকে তৈরি করা হয়েছে। অর্থাৎ, এটি শুধু একটি বিলাসবহুল গাড়ি নয়—রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা, আরাম এবং যাতায়াত —তিনটি বিষয়কেই একসঙ্গে মাথায় রেখে তৈরি বিশেষ যান। দিল্লির রাস্তায় পুতিনের এই ‘ফোর্ট্রেস অন হুইলস’ তাই শুধু একটি গাড়ি নয়, রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।