লন্ডনের বিলাসবহুল ম্যারিয়ট হোটেল থেকে উদ্ধার করা হয়েছে ২৯ বছর বয়সী সৌদি রাজপুত্রের দেহ। মৃতের নাম আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জালাউই আল সউদ। ব্রিটেনের 'ইনর ওয়েস্ট লন্ডন কর্নার্স কোর্ট'-এর তদন্ত ও টক্সিকোলজি রিপোর্টে জানা গিয়েছে—অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন বিপজ্জনক মাদকের প্রাণঘাতী মিশ্রণের ফলে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
ফরেনসিক রিপোর্টে জানা যায়, মৃত্যুর সময় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ব্রিটেনে গাড়ি চালানোর আইনি সীমার চেয়ে প্রায় তিন গুণ বেশি ছিল। এর পাশাপাশি তাঁর শরীরে বিপজ্জনক 'পার্টি ড্রাগ' জিএইচবি (GHB), মারিজুয়ানা, জ্যান্যাক্স ও বেশ কিছু বিষণ্ণতারোধী ওষুধের উপস্থিতি মিলেছে।
আদালত সূত্র জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর হোটেলের বাথরুমের মেঝে থেকে রাজপুত্রের দেহ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ পরীক্ষা করে সহকারী কর্নার জিন হার্কিন্স ঘটনাটিকে 'দুর্ঘটনাজনিত মৃত্যু' (Death by Misadventure) বলে ঘোষণা করেছেন। এর আগে রাজপুত্র মাদকাসক্তি থেকে মুক্ত হতে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে সৌদি রাজপরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর স্বীকার করে রিয়াদে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
















