আমেরিকার সিয়াটেল সেন্টারে ররিবার রাতে চলল এলোপাথাড়ি গুলি। পুলিশ সূত্রে খবর এদিনের ভয়াবহ ঘটনায় অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। ইন্টারন্যাশনাল ফাউন্টেন এবং ‘স্পেস নিডল’-এর কাছে সপ্তাহের শেষে ‘বাইট অফ সিয়াটেল ফুড ফেস্টিভ্যাল’ চলাকালীন আচমকাই গুলি চলে। স্বাভাবিকভাবেই গুলির আওয়াজে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায় এবং রীতিমত পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের ৩০৫ হ্যারিসন স্ট্রিটে সিয়াটল সেন্টারে ২৬ জুলাই একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সিয়াটল পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে। একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এই বিষয়ে আরও তথ্য পরে জানানো হবে। এলাকাটি এড়িয়ে চলার কথাও বলা হয়েছে। চারজনকে হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হতাহতের সংখ্যা, সন্দেহভাজন ব্যক্তি বা আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে, এআর-১৫ (AR-15) বন্দুক, আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং গুলিবিদ্ধদের মধ্যে একটি শিশুও ছিল। তবে, এই দাবি নিয়ে পুলিশের তরফে কিছু বলা হয়নি। তবে হারবারভিউ মেডিকেল সেন্টারের সুসান গ্রেগ জানিয়েছেন যে, সেখানে চারজনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন একটি শিশু, ২৩ বছরের এক যুবক এবং দুজন প্রাপ্তবয়স্ক মহিলা। একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক।
















