চরম জলসংকটের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলীয় শহর কর্পাস ক্রিস্টি। তিন লক্ষাধিক জনসংখ্যার এই শহরে দ্রুত ফুরিয়ে আসছে পানীয় জল। প্রায় ৩ লক্ষের বেশি জনসংখ্যার এই শহরে পানীয় জলের সরবরাহ দ্রুত কমে আসছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে শহরটি মারাত্মক জলসংকটে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সংকটের প্রধান কারণ দ্রুত শিল্পায়ন। এখানে ২০২২ সালে চালু হয় একটি প্লাস্টিক-কেমিক্যাল কারখানা। এই কারখানা প্রতিদিন যে পরিমাণ জল ব্যবহার করছে, তা কর্পাস ক্রিস্টির সমস্ত বাসিন্দার সম্মিলিত দৈনিক জল ব্যবহারের সমান। যন্ত্রপাতি ঠান্ডা করতেই এই জল খরচ হচ্ছে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের জেরে রেকর্ড খরা বাড়ছে। এই সংকট মোকাবিলায় ২০১৭ সাল থেকেই সমুদ্রের নোনাজলকে পানযোগ্য করার (ডিস্যালিনেশন) একটি বৃহৎ প্রকল্প নিয়ে আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ৩৭.৮ কোটি লিটার বিশুদ্ধ জল সরবরাহ করা সম্ভব হবে।
পরিস্থিতি সামাল দিতে না পারলে শহরে ‘ওয়াটার ব্ল্যাকআউট’ বা রেশনিং চালুর আশঙ্কা রয়েছে। এর জেরে জলের অভাবে তেল শোধনাগার ও কারখানাগুলি বন্ধ হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও বিপদের মুখে পড়তে পারে।
















