দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাঝরাতে গভীর সমুদ্রে আচমকা বেপাত্তা হয়ে গেল আস্ত একটি যাত্রীবাহী জাহাজ। অন্তত ২৪০ জন আরোহীকে নিয়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে ঘটে যাওয়া এই রহস্যজনক অন্তর্ধানকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই জাহাজটির আর কোনো হদিস মিলছে না।


প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে জাহাজটি দক্ষিণ কালিমান্তানের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথ স্বাভাবিক থাকলেও বিপত্তি ঘটে রবিবার গভীর রাতে। স্থানীয় সময় রাত দুটো নাগাদ আচমকাই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে জাহাজটির সমস্ত রকম বেতার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দক্ষিণ কালিমান্তানের রাজধানী বানজারমাসিন প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট উপকূল থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান চিহ্নিত করা গিয়েছিল। তার পর থেকেই মাঝসমুদ্রে কার্যত উবে গিয়েছে জলযানটি।


জাহাজটির সঙ্গে শেষ বার যখন যোগাযোগ হয়েছিল, তখন সেখানকার ক্যাপ্টেন সমুদ্রের প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা জানিয়েছিলেন। উত্তাল ঢেউ ও ঝোড়ো হাওয়ার কবলে পড়েই কোনো বিপত্তি ঘটেছে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই আরিয়ান্তো আর্দির নেতৃত্বে বানজারমাসিন থেকে একটি উচ্চপর্যায়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু টানা দুর্যোগ, প্রবল ঢেউ এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কারণে সমুদ্রে তল্লাশি অভিযান পদে পদে ব্যাহত হচ্ছে।


দুর্ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত জাহাজ বা কোনো যাত্রীর সন্ধান মেলেনি। উদ্ধারকারী দলগুলি সাধ্যমতো তল্লাশি চালালেও মাঝদরিয়ায় নিখোঁজ জাহাজের কোনো ধ্বংসাবশেষ বা সূত্র খুঁজে পাওয়া যায়নি। ফলে ২৪০ জন যাত্রীর পরিণতি নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে উদ্বেগ ও রহস্য।