ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন (Spain) ও ফ্রান্স (France)। পরিস্থিতির অবনতি হওয়ায় স্পেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মাদ্রিদ (Madrid) সংলগ্ন একাধিক এলাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনের পাশাপাশি সরাসরি দায়িত্ব নিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের (South-west France) ক্যাপ ফেরে উপদ্বীপ (Cape Fere Peninsula) সংলগ্ন এলাকায় দাবানলের জেরে গত দু'দিনে প্রায় ৪০ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। আগুনে ইতিমধ্যেই ৮৭ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে অতিরিক্ত অগ্নিনির্বাপণ সহায়তা চেয়েছে ফ্রান্স।
চলতি বছরে স্পেনে ইতিমধ্যেই প্রায় ১,৩০০ বর্গকিলোমিটার এলাকা দাবানলে পুড়ে গিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় চার গুণেরও বেশি। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া ইউরোপে দাবানলের ঝুঁকি এবং তার ভয়াবহতা আরও বাড়িয়ে তুলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোঁ জানিয়েছেন, খুব শীঘ্রই ক্রোয়েশিয়ার দুটি ক্যানাডেয়ার অগ্নিনির্বাপণ বিমান, পর্তুগালের দুটি এয়ার ট্র্যাক্টর বিমান এবং চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া থেকে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার উদ্ধারকাজে যোগ দেবে।
















