১২ আগস্ট ২০২৬, বছরের শেষ সূর্যগ্রহণ। বিজ্ঞানপ্রেমীদের কাছে এটি অত্যন্ত রোমাঞ্চকর ঘটনা হলেও, ভারতবাসীর জন্য কিছুটা হতাশার খবর রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতীয় সময় অনুসারে আগামী ১২ আগস্ট রাত ৯টা ৪ মিনিটে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। যেহেতু ভারতে তখন গভীর রাত এবং গ্রহণের গতিপথ অন্য গোলার্ধে থাকবে, তাই ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

এই মহাজাগতিক দৃশ্য মূলত দেখা যাবে পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধের কিছু নির্দিষ্ট অঞ্চলে। পূর্ণগ্রাস দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চল। এছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাজ্যের বিভিন্ন অংশসহ বেশিরভাগ ইউরোপীয় দেশ, উত্তর আমেরিকা এবং উত্তর আফ্রিকার কিছু অঞ্চল।

বছরের এই শেষ সূর্যগ্রহণ ঘিরে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। ভারত থেকে সরাসরি দেখা না গেলেও আধুনিক প্রযুক্তি ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।