দক্ষিণ ইউরোপের বেশ কয়েকটি দেশে ভয়াবহ দাবানল (Wildfire) ছড়িয়ে পড়ছে। এর মাঝেই গ্রিসের ( Greece) ক্রিট দ্বীপে আগুন নেভাতে গিয়ে তিনজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। ক্রিটের রেথিমনো এলাকায় মারাত্মক হাওয়ার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ এতটাই খারাপ হচ্ছে যে, বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর, আগুন নেভানোর সময় দুই দমকলকর্মী ভেতরে আটকা পড়ে মারা যান। অন্য এক দমকলকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ক্রিট দ্বীপে এই প্রাণহানির ঘটনা ফ্রান্স ও স্পেন থেকে শুরু করে গ্রিস পর্যন্ত সঙ্কটের পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। ফ্রান্সের জিরোন্দ অঞ্চলে বুধবার ২ হাজার ২০০-এর বেশি দমকলকর্মী ও ২০টিরও বেশি বিমান মোতায়েন রাখা হয়েছিল; কারণ সেই সময়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায় এবং তীব্র বাতাসের ফলে দাবানলটি নতুন করে জ্বলে ওঠার আশঙ্কা দেখা দিয়েছিল। তদন্তকারীদের ধারণা হাই-ভোল্টেজের বিদ্যুৎ লাইনের কাছে ঝোপঝাড় পরিষ্কারের কাজ থেকে হয়ত এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে নিয়মকানুন মেনেই কাজটি করা হয়েছিল। বর্দোর সরকারি কৌঁসুলি রেনো গোদুল জানিয়েছেন রাতারাতি আগুন খুব একটা ছড়িয়ে পড়েনি, তবে সতর্ক করা হয়েছে যে দিনের বেলায় পরিস্থিতির অবনতি হওয়ায় সম্ভাবনা প্রবল।