আমেরিকাসহ কানাডা, মেক্সিকোতে চলছে ফুটবল বিশ্বকাপ, এরইমধ্যে বন্দুকবাজের হামলা ঘটল কানাডাতে।
কানাডার লাতিন সাংস্কৃতিক উৎসবে ( Canada's Latin street festival) এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল কমপক্ষে দুই জনের তবে আহত হয়েছেন অন্তত ছয় জন। শনিবার রাতে টরন্টোর স্ট্রিট ফেস্টিভ্যালে( Canada's Latin street festival) এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হামলার পরেই বন্দুকবাজ পালিয়ে যায়। আপাতত গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, স্থানীয় সময় রাত প্রায় ৮.১২ নাগাদ সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ ওয়েস্ট এবং আর্লিংটন অ্যাভিনিউ সংলগ্ন এলাকা থেকে গুলি চলার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে। তাঁদের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে।
টরন্টো পুলিশ প্রথমে অ্যাক্টিভ শুটার সতর্কতা জারি করে সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়। যদিও পরে ঘটনাস্থল নিরাপদ বলে জানান হয়। তবে অধরা হামলাকারী। ঠিক কী কারণে গুলি চালানো হল, সেটা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লাতিন সাংস্কৃতিক উৎসবে প্রতি বছর বহু মানুষ অংশ নেন। এবার উৎসব চলাকালীন হঠাৎ গুলির শব্দে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিশ এখনও কোনও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। কাউকে গ্রেফতারও করা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
















