পর্যাপ্ত থাকার জায়গা থেকে শুরু করে ব্যবস্থাপনার গাফিলতি নিয়ে একগুচ্ছ অভিযোগের মাঝেই এবার এশিয়ান গেমস চলাকালীন জাপানে টাইফুনের (Typhoon Dujuan) চোখরাঙানি। ঘূর্ণিঝড় ডুয়ান আছড়ে পড়ার আশঙ্কায় অ্যাথলিটদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার ভাবনা। মহাদেশীয় ইভেন্টে (Asian Games) বাড়ছে একের পর এক সমস্যা। 

জাপানের হাওয়া অফিস জানিয়েছে আগামী ২১ সেপ্টেম্বর নাগোয়া উপকূলে আছড়ে পড়তে পারে শক্তিশালী টাইফুন ডুয়ান (Typhoon Dujuan)। ঘণ্টায় প্রায় ১২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ক্রান্তীয় ঘূর্ণিঝড়। পাশাপাশি প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে। নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন পরিস্থিতির দিকে নজর রাখা হবে। সাধারণ বৃষ্টিতে কোনও ম্যাচে বিঘ্ন ঘটার কথা নয়। কিন্তু ভারী বৃষ্টির পরিমাণ অত্যন্ত বেশি হলে সেক্ষেত্রে অ্যাথলিটদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। তবে সেই সময় প্রতিযোগিতার নিয়ম কী হবে বা ভেন্যুতে কোনও পরিবর্তন হবে কিনা তা স্পষ্ট নয়।

এবারে শুরু থেকেই প্রবল বিতর্কে এশিয়ান গেমস। ভারত থেকে দক্ষিণ কোরিয়া, প্লেয়াররা মাথা গোঁজার জায়গা থেকে শুরু করে বরাদ্দ রুমের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন। পুরুষ ও মহিলা অ্যাটলিটদের পাশাপাশি অনেক কোচকেও একসঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া জানিয়েছে বাজেট সামলাতে বন্দর এলাকায় অস্থায়ী বসবাসের জায়গা করা হয়েছে। কিন্তু প্লেয়ারদের অভিযোগ সেগুলো আসলে কনটেইনার। অন্তত দুই হাজার জনকে ওই স্থানে থাকার কথা বলা হয়েছে। আয়োজকরা বলছেন শুরুতে যে সংখ্যক খেলোয়াড় আসার কথা ছিল পরে প্রতিযোগিতার একাধিক ক্যাটাগরি বেড়ে যাওয়ায় অংশগ্রহণকারীদের সংখ্যাও বাড়তে থাকে। দ্রুততার সঙ্গে সামাল দেওয়া সম্ভব হয়নি। এই সবকিছুর মাঝেই এবার টাইফুনের সতর্কতায় কিছুটা হলেও চিন্তায় এশিয়ান গেমস কর্তারা।