ইরানকে কোনওভাবেই রেয়াত নয়, সামরিক বিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। রাতভর দফায় দফায় ইরানে হামলা মার্কিন সেনার (America air strike in Iran again)। নতুন করে উত্তপ্ত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর শহর চাবাহার এবং সংলগ্ন উপকূলীয় শহর কোনারাকে অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান।
আমেরিকার প্রেসিডেন্ট বুধবার স্পষ্ট করে দিয়েছিলেন, বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হামলা অব্যাহত থাকলে আরও কড়া সামরিক পদক্ষেপ করা হবে। তারপরই দফায় দফায় মার্কিন সেনা হামলা শুরু হয়। হরমুজে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ করতে হয়েছে বলে দাবি হোয়াইট হাউজের। হামলার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে (Truth Social) চাবাহারে মার্কিন অভিযানের পরবর্তী একটি ছবি প্রকাশ করেন। একইসঙ্গে সতর্ক করে দেওয়া হয়, যে ভবিষ্যতে এ ধরনের হামলা ফের হলে আমেরিকা আরও কড়া জবাব দেবে।
ইরান- আমেরিকার হামলা পাল্টা হামলার জেরে যুদ্ধবিরতি বিশবাঁও জলে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ট্রাম্পের হুশিয়ারি প্রকাশ্যে আসার পর থেকেই রক্তাক্ত শেয়ারবাজার। হরমুজ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা অর্থনৈতিক বিশেষজ্ঞদের।
















