ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) হুঁশিয়ারি সত্যি হল, বৃহস্পতিবারের ভোরে (ভারতীয় সময় অনুসারে) ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালো আমেরিকা। জর্ডনে মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণের পাল্টা জবাব দিতেই তেহরানকে নিশানা করল পেন্টাগন। ইরানের (Iran) সামরিক লক্ষ্যবস্তু ও ঘাঁটিতে আঘাত হানা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বুধবার জর্ডনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ওঠে ইরানি সেনাবাহিনীর বিরুদ্ধে। আমেরিকা জানায় তেহরান আকস্মিকভাবে হামলা করেছে। হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বদলা নেবে মার্কিন বাহিনী। ২৪ ঘণ্টা কাটার আগেই সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল।পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এদিন সকালে প্রায় ঘণ্টা দুয়েক ধরে ইরানের একের পর এক সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে আমেরিকা। সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্র, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, প্রতিরক্ষা কেন্দ্র এবং নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থানে হামলা হয়েছে বলে দাবি। ইরানের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।