পঞ্চাশ বছর পর ফের স্কুলের গেটে পা। বয়সের ভার শরীরে, কিন্তু মনের ভিতর যেন তখনও সেই স্কুলপড়ুয়া ছেলেগুলোই। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে তাই এ বার আর শুধু আড্ডা নয়, রীতিমতো স্কুলের পোশাকেই হাজির হলেন তাঁরা। স্কুল ইউনিফর্ম (School uniform) পড়ে, কাঁধে ব্যাগ, গলায় জলের বোতল। সব মিলিয়ে এক দিনের জন্য যেন ফিরে গেলেন শৈশবের সেই চেনা দিনগুলিতে।
১৯৭৬ সালের ব্যাচের (Batch of 1976) এই বন্ধুদের পুনর্মিলনের ভিডিওই (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) নজর কেড়েছে। ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারী রাকেশ নগর (Rakesh Nagar) সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিয়ো তুলে ধরেছেন। বহু বছর পর একই স্কুলে একসঙ্গে পা রাখার আনন্দে তাঁদের মুখে তখন উচ্ছ্বাসের ছাপ। বয়সের ব্যবধান যেন মুহূর্তেই মুছে গিয়ে সামনে ফিরে এসেছে পুরনো দিনের বন্ধুত্ব।
শুধু স্কুলে গিয়ে স্মৃতিচারণ নয়, এ বার শৈশবটাকে আবারও ছুঁয়ে দেখতে চেয়েছিলেন তাঁরা। তাই পুরনো দিনের খেলায় মেতে ওঠেন সকলে। পিট্ঠু খেলতে গিয়ে শুরু হয় হাসি-ঠাট্টা, দৌড়ঝাঁপ। পরে ক্লাস রুমে লাইন ধরে ‘রেলগাড়ি’ সেজে নাচ। একসঙ্গে দল বেঁধে নাচতে নাচতে নিজেদের ছাত্রজীবনের দুষ্টুমি আর আনন্দকেই যেন ফের জীবন্ত করে তোলেন তাঁরা।
এই পুনর্মিলনের নেপথ্যে ছিল পুরনো স্মৃতিকে আরও এক বার ছুঁয়ে দেখার ইচ্ছা। ছোটবেলার সেই ‘সোনালি দিনগুলি’ যদি আবার এক দিনের জন্য ফিরে পাওয়া যেত, তা হলে কেমন হত। সেই ভাবনাকেই বাস্তব রূপ দেন তাঁরা। যে স্কুলে একসঙ্গে পড়াশোনা, খেলা আর বন্ধুত্বের শুরু, পাঁচ দশক পরে সেখানেই ফিরে এসে কাটালেন একটি অন্যরকম দিন।
ভিডিয়োটি শেয়ার করে রাকেশ লিখেছেন, “My childhood friends from the 1976 batch।” বয়স বাড়লেও বন্ধুত্বের স্মৃতি যে সময়ের সঙ্গে পুরনো হয় না, এই পুনর্মিলনের ছবিগুলিই যেন তার প্রমাণ। পাঁচ দশকের ব্যবধান পেরিয়েও একই স্কুল, একই বন্ধুরা আর সেই পুরনো খেলাধুলোর মধ্যেই এক দিনের জন্য ফিরে এল শৈশব।
















