রান্নার স্বাদ আর সুগন্ধ বাড়াতে তেজপাতার (Bay Leaf) জুড়ি মেলা ভার। কিন্তু রান্নাঘর ছাড়িয়ে সেই তেজপাতা যদি সোজা আপনার সাধের স্মার্টফোনের (smartphone) ব্যাক কভারের (back cover) ভেতরে জায়গা করে নেয়, তবে অবাক হওয়াই স্বাভাবিক! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) এই অদ্ভুত অথচ অত্যন্ত আকর্ষণীয় একটি ট্রেন্ড হু হু করে ভাইরাল হয়েছে। ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মে বহু মানুষকে নিজেদের ফোনের কভারের পেছনে একটি আস্ত শুকনো তেজপাতা রেখে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

কিন্তু হঠাৎ কেন রান্নাঘরের মশলা ফোনে বন্দি হচ্ছে? এর পেছনে কী কী কারণ বা বিশ্বাস লুকিয়ে রয়েছে আসুন জেনে নিই। আসলে অনেকেই মনে করছেন, এটি 'সৌভাগ্যের প্রতীক।' প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় এই পাতাকে সম্মান ও জয়ের প্রতীক হিসেবে দেখা হত। এছাড়াও যাঁরা আধ্যাত্মিকতা এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস রাখেন তাঁরা মনে করেন তেজপাতা সঙ্গে থাকলে একদিকে চারপাশের নেতিবাচক শক্তি যেমন দূর হয়, তেমনই তা অর্থ ও সাফল্যকে আকর্ষণ করে। অনেকের বিশ্বাস, চারপাশের নেতিবাচক শক্তিকে দূরে রেখে ব্যবহারকারীকে মানসিক শান্তি (Mental Peace) প্রদান করে। এমনকি ফোনের তরঙ্গ বা রেডিয়েশনের (radiation) ভিড়ে এটি এক ধরনের ইতিবাচক আবহও তৈরি করে বলে অনেকে মনে করেন।

তাই বলে মানিব্যাগ বা সিন্দুকে না রেখে ফোনের কভারে? এর উত্তর বেশ সোজা। আসলে বর্তমানের ডিজিটাল (Digital) যুগে যেহেতু ফোনই আর্থিক লেনদেনের মূল মাধ্যম, তাই অনেকেই ফোনের কভারকেই বেছে নিয়েছেন।

যদিও বিজ্ঞানের কাছে এর কোনও সত্যতা নেই। বিজ্ঞানীদের (scientists) মতে, ফোনের কভারে তেজপাতা রাখলেই রাতারাতি ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে বা চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি ইতিবাচক শক্তিতে বদলে যাবে এমন কোনও প্রমাণ নেই। পুরোটাই নির্ভর করছে মানুষের বিশ্বাস আর পুরনো রীতিনীতির ওপর।

তাই এই ভাইরাল ট্রেন্ডে গা ভাসিয়ে আপনি ফোনের কভারে একটা তেজপাতা রাখতেই পারেন। এতে ফোনের কোনও ক্ষতি তো হবেই না, বরং মন শান্তিতে গেয়ে উঠতেই পারে 'অল ইজ ওয়েল (all is well).'