শিক্ষক দিবসের পুণ্যলগ্নে শহরে এক অনন্য সাংস্কৃতিক মেলবন্ধনের সাক্ষী থাকল জ্ঞান মঞ্চ। প্রথাগত উদ্যাপনের বাইরে গিয়ে দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানোর পাশাপাশি মঞ্চস্থ হল প্রশংসিত নাটক। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এই বিশেষ সন্ধ্যার আয়োজন করেছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, সহযোগিতায় ছিল হাউস-৫৪ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ।
অনুষ্ঠানের সূচনা হয় ‘শিক্ষক প্রণাম’ পর্ব দিয়ে। সমাজের দিশারি হিসেবে এই মঞ্চে সংবর্ধিত করা হয় প্রখ্যাত ভাষাবিদ পবিত্র সরকার এবং জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যকে। আয়োজক সংস্থার ডিরেক্টর রূপক সাহা এবং হাউস ৫৪-এর ডিরেক্টর ধীমান মিত্র উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে দুই গুণীজনকে শ্রদ্ধা জানান। দর্শকাসনে উপস্থিত সকলেই দাঁড়িয়ে অভিবাদন জানান এই দুই আদর্শ শিক্ষককে।
সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত পবিত্র সরকার জানান, সারাজীবন শব্দ নিয়ে কাজ করলেও শিক্ষক হিসেবে দর্শকদের এই ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে নিঃসংশয়ে বাকরুদ্ধ করেছে। অন্যদিকে ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি স্বচ্ছন্দ বলে উল্লেখ করে প্রদীপ্ত ভট্টাচার্য এই বিশেষ সম্মানের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের পরবর্তী আকর্ষণ ছিল বহুল প্রশংসিত নাটক ‘তারায়, তারায়’-এর মঞ্চায়ন। কবি ও সাহিত্যিক সৃজাতর উপন্যাস ‘তারাভরা আকাশের নিচে’ অবলম্বনে তৈরি এই নাটকে বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের জীবন ও সৃষ্টির সমান্তরাল এক আখ্যান তুলে ধরা হয়েছে, যার মূল প্রেরণা শিল্পীর কালজয়ী চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’। কৌশিক সেনের নির্দেশনায় মঞ্চে আলো ছড়ান কৌশিক স্বয়ং, সঙ্গে ছিলেন রেশমি সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও রাজার্ষি নাগ। নাটক শেষ হতেই ভরা প্রেক্ষাগৃহে মুহুর্মুহু করতালিতে ফেটে পড়েন দর্শকেরা। নাট্যোৎসবের সমাপ্তিতে নির্দেশক কৌশিক সেনের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সম্মানিত দুই ব্যক্তিত্ব ও আয়োজকেরা।
উদ্যোগ প্রসঙ্গে সংস্থার ডিরেক্টর রূপক সাহা জানান, উৎকর্ষের সাধনা কেবল অলঙ্কারের শোরুমের চার দেওয়ালে সীমাবদ্ধ থাকে না। জীবনের যে দিকগুলি সোনার মতো মূল্যবান, সেগুলি উদ্যাপন করাই তাঁদের লক্ষ্য। সেই ভাবনা থেকেই পথপ্রদর্শক শিক্ষকদের সম্মান জানানো এবং বিষয়বস্তু ও উপস্থাপনায় খাঁটি চব্বিশ ক্যারেটের নাট্যপ্রযোজনা দর্শকদের সামনে নিয়ে আসা সম্ভব হয়েছে।















