ঘণ্টায় প্রায় সাড়ে আট হাজার কিলোমিটারেরও বেশি গতিতে চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল পাঁচ তলা বাড়ির সমান উচ্চতার একটি বিশাল রকেট (Rocket Crash on Moon)! মাস্কের সংস্থা Space X-এর Falcon 9 রকেটের অংশবিশেষ চন্দ্রপৃষ্ঠে পড়তেই পৃথিবীর উপগ্রহে বড় গহবরের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। যদিও পৃথিবীতে এর কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।
সূর্যালোকের উপস্থিতির কারণে স্পেস এক্সের রকেটের চাঁদের বুকে আছড়ে পড়া পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান হয়নি। ওই সময় রকেটের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ হাজার ৬৯০ কিলোমিটার এবং সেটি আছড়ে পড়ায় কয়েক মাইল উঁচু ধুলোর মেঘ তৈরি হয়। স্পেস এক্স ফ্যালকন নাইনের (Space X Falcon 9) আপার স্টেজ যেভাবে চাঁদে পড়েছে তাতে ৬০ ফুট চওড়া ও ১২ ফুট গভীর গহবর তৈরি হতে চলেছে। নাসা দ্রুত চন্দ্রপৃষ্ঠের বর্তমান অবস্থার ছবি প্রকাশ করবে বলে জানিয়েছে। এই প্রসঙ্গে এলন মাস্কের মহাকাশ সংস্থার ডিরেক্টর জানান, সৌর কার্যকলাপ এবং মহাকর্ষীয় বলের প্রভাবেই রকেটের অংশটি চাঁদের দিকে এগিয়ে যায়। রকেট আছড়ে পড়ার প্রভাব ঠিক কতটা পড়েছে চাঁদের মাটিতে, তা এখনও স্পষ্ট নয়। NASA বলছে, এই দুর্ঘটনার ফলে চাঁদের মাটিতে সবমিলিয়ে ল্যান্ডার-স্যাটেলাইটসহ প্রায় দুশো টন ওজনের জিনিস ছড়িয়ে রয়েছে। মহাকাশে বাড়তে থাকা আবর্জনার নিরিখে যা অত্যন্ত উদ্বেগজনক।
















