রিভিউয়ের উদ্দেশ্যে ২৪ ঘণ্টার জন্য 'ব্লক' হোয়াটস অ্যাপ! আপনিও কি এরকম মেসেজ পেয়েছেন? অ্যাপ খুলতে গেলে রেসপন্স করছে না, ফোন হ্যাং হয়ে যাচ্ছে? - সোমবার রাত থেকে এই ধরনের সমস্যায় পড়তে হয়েছে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হোয়াটস অ্যাপ (Whats App) ব্যবহারকারীরা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জনপ্রিয় মেসেজিং অ্যাপের অব্যবহার রুখতে পর্যালোচনার কাজ চলছে। সেই কারণেই মাঝে মধ্যে Whats App বন্ধ হয়ে যাচ্ছে। আগাম নোটিফিকেশন ছাড়া এভাবে হঠাৎ করে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিরক্ত নেটপাড়ার একাংশ।
যত দিন যাচ্ছে ততই হোয়াটস অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। সাধারণ কথাবার্তা থেকে শুরু করে অফিসিয়াল কাজ কর্মের জন্য এখন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। কিন্তু কোনও রকমের নোটিফিকেশন ছাড়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে হয়েছে অ্যাপ ব্যবহারকারীদের। অনেকে আবার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ভেবে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। হোয়াটস্অ্যাপের স্ক্রিনে বেশ কিছু মেসেজও দেখা যাচ্ছে,যেমন, কীভাবে সঠিক পদ্ধতিতে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যায়, চুরি হওয়া মোবাইল বা অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা হলে কী করনীয় ইত্যাদি। হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষের তরফে এক মুখপাত্র বলেন, “পরিষেবার অপব্যবহার রুখতে আমরা সব সময় সতর্ক থাকি। অন্য ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে ওই অ্যাকাউন্টগুলিকে আমরা ‘ব্যান’ করে দিই।" তবে আপাতত পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর মিলেছে।
















