২০২০ সালে তৎকালীন বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ডায়মন্ড হারবারের উস্তি থানার শিরাকোলে নাড্ডার গাড়িতে হামলা হয়। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মগরাহাট পশ্চিম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। উভয়েই এলাকায় তৃণমূল নেতা হিসাবেই পরিচিত।
আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে। নাড্ডার কনভয় হামলার ঘটনায় তাঁদের ঠিক কী ভূমিকা ছিল, অস্ত্রগুলি কোথা থেকে এল এবং অন্য কারও যোগ রয়েছে কি না, এই সব বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রিপন ও সঞ্জীব এলাকায় তৃণমূলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিল। উভয়েই জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ বলেই পুলিশ সূত্রের দাবি। ফলে দীর্ঘদিন ধরেই একাধিক অসামাজিক কাজের সঙ্গে তাদের নাম জড়িয়েছিল। অভিযোগ, এলাকায় ‘বাইক বাহিনী’ নিয়ে তাণ্ডব চালানো ও সাধারণ মানুষকে ভয় দেখানোর পেছনে মুখ্য ভূমিকা ছিল এই দুজনের। এর আগে এই ঘটনায় জাহাঙ্গির খানের নাম উঠলেও পুলিশ আগেই তাঁকে নিস্ক্ৃতি দিয়েছে।
২০২০ সালে তৎকালীন বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলা হয়। তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনওক্রমে তাঁর গাড়িকে সেখান থেকে বের করে আনেন। দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন কৈলাশ বিজয়বর্গীয়। এই ঘটনায় সমালোচনার মুখে পড়ে পুলিশ।
















