জুমলা উপনির্বাচন! ভোটারদের ভোট দিতে দেয়নি, পুলিশ গিয়ে ভোট করেছে। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার 'ইন্ডিয়া' ব্লকের (INDIA Bloc) ও সিজেপি-র আন্দোলনে যোগ দিতে দিল্লি যাওয়ার আগে গর্জে ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচনের কারচুপি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। 

প্রথমে কালীঘাটের বাড়ির সামনে ও পরে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর অভিযোগ করেন মমতা। প্রায় ৯২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় দোকান লুঠ হয়েছে এবং হকারদের জোর করে তুলে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, জুমলা উপনির্বাচন হয়েছে! ভোটারদের ভোট দিতে দেয়নি, পুলিশ গিয়ে ভোট করেছে। বলেন, “নির্বাচন কমিশন ছাপ্পা ভোট করিয়েছে। ধাপ্পা ভোট হয়েছে। জুমলা ভোট হয়েছে। ভোটের আগেই বিজেপির নেতারা বলে দিচ্ছেন কত ভোটে জিতবে? এরকম কখনও শুনেছেন!“ মমতার অভিযোগ, “বিজেপি আসলে ক্যালকুলেটিং ভোট করিয়েছে।“ হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “লুঠ করে লুঠেরারা বেশিদিন বাজি জিততে পারবে না।“ পাশাপাশি সংবাদমাধ্যমের উপর ‘থ্রেট কালচার’ তৈরি হয়েছে বলেও অভিযোগ মমতার। 
আরও পড়ুন: “রাষ্ট্রীয় মদতপুষ্ট নৈরাজ্য”! বিকাশের বাড়িতে হামলার তীব্র নিন্দা মমতার, বামনেতার সঙ্গে ফোনে কথা

সমাজের বহু মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, ‘যুবসাথী’ বন্ধ করে দেওয়া হয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা থেকেও বহু মানুষ বঞ্চিত হচ্ছেন।