মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি যাওয়ার পথে বিমানের সময়সূচি বারবার পিছোলো। আর ঠিক সেইসময়ই নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক। এই দুই ঘটনা নিয়ে তদন্তের দাবি জানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, কেন বার বার দলনেত্রীর বিমানের (Flight) সূচি পরিবর্তন! মমতা বিজেপি বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ। সেখানে এই ঘটনার পিছনে কোনও যোগসূত্র আছে কি না তার তদন্তের দাবি জানান কুণাল।
বৃহস্পতিবার দুপুরে বিমানে দিল্লি রওনায় দিয়েছেন মমতা। দিল্লি পৌঁছেই পর পর কর্মসূচি রয়েছে তৃণমূল (TMC) সুপ্রিমোর। প্রথমে ঠিক ছিল ৩টের বিমানে যাবেন তিনি। তিনি বিমানের সময় পিছিয়ে হয় ৩ টে ৪৫। মমতা বাড়ি থেকে রওনা দেওয়ার পর জানানো হয় বিমানের সময় হয়েছে সাড়ে ৪টেয়।
আর মমতা বিমানবন্দরে পৌঁছনোর পরেই কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আসে একটি হুমকি মেলে দাবি করা হয়, বিমানবন্দরের ভিতরে বোমা রাখা হয়েছে। হুমকি মেল পাওয়ার পরই বিমানবন্দরজুড়ে শুরু হয় তৎপরতা। বিভিন্ন অংশে চিরুণি তল্লাশি শুরু করে সিআইএসএফ। যাত্রীদের নির্দিষ্ট এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে, শেষ পাওয়া খবরে কিছু উদ্ধার হয়নি। বিধাননগর পুলিশের এনএসসিবিআই থানার পুলিশও ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন: নজরুল মঞ্চে 'জাগোবাংলা উৎসব সংখ্যা' অনুষ্ঠানের অনুমতি মেলেনি! ক্ষোভ প্রকাশ তৃণমূল সুপ্রিমোর
এই বিষয় নিয়ে মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দলনেত্রীর নিরাপত্তার দাবি জানান। তাঁর কথায়, দিল্লিতে ইন্ডিয়া ব্লকের যে বিক্ষোভ হচ্ছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তাঁর দিল্লিগামী বিমানের সময়সূচি পিছনো আর ঠিক সেই সময়ই বিমানবন্দরে বোমাতঙ্কের বিষয়টি মমতার দিল্লিযাত্রার পন্ড করার চক্রান্ত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।















