কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনকে (Kolkata Municipal Corporation Election) সামনে রেখে মহিলা সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করল প্রশাসন। ২০৯টি ওয়ার্ডের মধ্যে মোট ৭০টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে ৬৬টি ওয়ার্ড সাধারণ শ্রেণির মহিলা এবং চারটি ওয়ার্ড তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সংরক্ষণ তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই পুরভোটের প্রস্তুতিও আরও এক ধাপ এগিয়ে গেল।

পশ্চিমবঙ্গ পুর নির্বাচন (আসন সংরক্ষণ) বিধি, ১৯৯৪ মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি (Abhishek Kumar Tiwari, District Magistrate of South 24 Parganas) বিজ্ঞপ্তি জারি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। খসড়া তালিকা প্রকাশের পর যে সমস্ত আপত্তি ও পরামর্শ জমা পড়েছিল, সেগুলি পর্যালোচনা করার পরই চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ করা হয়েছে। তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড।

চূড়ান্ত তালিকা প্রকাশের ফলে এবার রাজনৈতিক দলগুলির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াতেও গতি আসতে চলেছে। সংরক্ষণের কারণে যে সমস্ত ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী পরিবর্তন করতে হবে, সেখানে নতুন মুখ খোঁজার কাজ শুরু হবে। বিশেষ করে মহিলা সংরক্ষিত আসনগুলিতে দলগুলিকে নতুন করে প্রার্থী বাছাইয়ের হিসাব কষতে হবে। ফলে পুরভোটকে ঘিরে রাজনৈতিক দলগুলির তৎপরতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এদিকে কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রের খবর, নভেম্বরের শেষ সপ্তাহে ভোট এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে গণনার পরিকল্পনা রয়েছে। তবে এখনও ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। রাজ্য সরকারের সম্মতি পাওয়ার পর কমিশন নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এখন নজর কমিশনের আনুষ্ঠানিক ভোটসূচি ঘোষণার দিকে।