সামনের দরজা বাইরে থেকে বন্ধ। অথচ বাড়ির পিছনের দরজা খোলা। ভিতরে ঢুকতেই চোখে পড়ে তছনছের ছবি। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে (Durgapur)। ঘটনার পর শিল্পাঞ্চল ছেড়ে কলকাতায় (Kolkata) গা-ঢাকা দিয়েছিল বলে অভিযোগ দুই অভিযুক্তের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তদন্তের সূত্র ধরে কলকাতার ট্যাংরা (Tangra) থেকে তাদের গ্রেফতার (Arrest) করল দুর্গাপুর থানার পুলিশ (Durgapur Police Station)।
আরও পড়ুন: বাড়ির পুজোর গয়না থেকে বিদেশের মাটিতে, দেবজ্যোতির হাতে দুর্গার সাজে নতুন পরিচয়
পুলিশ সূত্রে খবর, ১৬ সেপ্টেম্বর দুপুরে দুর্গাপুরের নিবেদিতা প্লেসে চুরির ঘটনাটি ঘটে। বেনাচিতির ওই বাড়িটি তখন ফাঁকা ছিল। সেই সুযোগেই বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ সোনার গয়না ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করা হয় বলে অভিযোগ। বাড়ির সদস্যরা ফিরে এসে দেখেন, সামনের দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা। ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপরই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে একাধিক সূত্র হাতে আসে। সেই সূত্র ধরেই কলকাতার ট্যাংরা মুসলিম পাড়া ক্যাম্প এলাকা থেকে মহম্মদ আমির ও মহম্মদ করিম নামে দুই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, ঘটনার পর তাঁরা দুর্গাপুর ছেড়ে কলকাতায় গিয়ে আত্মগোপন করেছিলেন। বৃহস্পতিবার ধৃত দু’জনকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। চুরির নেপথ্যে আরও কোনও ব্যক্তি জড়িত কি না তাও খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে বাড়ি কখন ফাঁকা থাকবে, সেই খবর অভিযুক্তরা কীভাবে পেল, পিছনের দরজা দিয়েই কি তারা বাড়িতে ঢুকেছিল এবং চুরি যাওয়া বিপুল মূল্যের সোনার গয়না কোথায় সরানো হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুরো ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।















