পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিপদের মুখে পড়ছেন পর্যটকরা (Tourist)। বিশেষ করে, চলন্ত টয়ট্রেনের (Toy Train) পাশে গাড়ি নিয়ে গিয়ে ছবি তোলা কিংবা ভিডিয়ো করার প্রবণতা নিয়ে এবার কড়া সতর্কতা জারি করল দার্জিলিং (Darjeeling) হিমালয়ান রেলওয়ে। ট্রেনের চলাচলে বাধা সৃষ্টি করা এবং বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যৌথভাবে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বেতন নেই, বোনাসও অধরা! কর্মীদের কর্মবিরতিতে স্তব্ধ হাওড়া-কলকাতার ফেরি চলাচল

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একটি ছোট গাড়ির জানালা দিয়ে শরীরের একাংশ বাইরে বের করে চলন্ত বাষ্পচালিত টয়ট্রেনের ভিডিয়ো করছেন এক পর্যটক। রিলস তৈরির তাগিদে গাড়িটি ট্রেনের অত্যন্ত কাছে চলে যায়। একসময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে গাড়িটির ঘষা লাগে। এরপর গাড়িটি পাশে থাকা একটি স্কুটারকে  ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন স্কুটারে থাকা এক দম্পতি। এই ভিডিয়ো সামনে আসতেই নড়েচড়ে বসেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। সংস্থার অধিকর্তা ঋষভ চৌধুরী জানিয়েছেন, ট্রেন চলাচলের সময় পর্যটক ও গাড়িচালকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বারবার অনুরোধ করা হয়।

চলন্ত ট্রেনের পাশে গাড়ি নিয়ে যাওয়া কিংবা জানালা দিয়ে শরীর বের করে ভিডিয়ো করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। তাতে শুধু নিজের নয়, অন্যদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। বারবার সতর্ক করা সত্ত্বেও যে একাংশের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, ১১ অক্টোবরের ঘটনাই তার প্রমাণ। 


তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার আরও কঠোর হচ্ছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের চলাচলে বাধা সৃষ্টি করা, রেলপথের আশপাশে নিয়ম ভেঙে গাড়ি দাঁড় করানো এবং বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, টয়ট্রেনের পথ সংলগ্ন এলাকাগুলিতে যান চলাচলের নিয়ম মানানো এবং নজরদারি বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।

পাহাড়ের বিভিন্ন রাস্তায় গাড়ি চলাচলের পথের পাশ দিয়েই চলে গিয়েছে ঐতিহ্যবাহী টয়ট্রেনের লাইন। ফলে অসতর্কভাবে গাড়ি চালানো কিংবা ট্রেনের খুব কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা থেকে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এর আগেও একই ধরনের ঘটনায় দুর্ঘটনার মুখে পড়েছে টয়ট্রেন। এই প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের একাংশ। তাঁদের দাবি, রেললাইন ও গাড়ি চলাচলের রাস্তার মাঝে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে বিপজ্জনক এলাকাগুলিতে নজরদারি বাড়ানো এবং উপযুক্ত নিরাপত্তাবলয় তৈরিরও দাবি উঠেছে। তাই এবার দুর্ঘটনা ঠেকাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রেল।

পাহাড়ে বেড়াতে গিয়ে স্মৃতি ধরে রাখার ইচ্ছা থেকেই অনেক পর্যটক ছবি তোলেন, ভিডিয়ো করেন কিংবা রিলস তৈরি করেন। কিন্তু কয়েক মুহূর্তের ভিডিয়োর জন্য নিজের এবং অন্যের জীবন বিপন্ন করা যে কোনওভাবেই কাম্য নয়, তা আরও একবার স্পষ্ট করে দিল এই ঘটনা। তাই পর্যটকদের সতর্ক করার পাশাপাশি নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।