পুজোর আগে সীমান্তে বাড়তি সতর্কতা। নজরদারি খতিয়ে দেখতে ইন্দো-নেপাল (India-Nepal border) সীমান্ত পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গের (North Bengal) আইজি সুখেশ কুমার জৈন (Sukesh Kumar Jain)। উৎসবের মরশুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার বার্তা দিলেন তিনি।
আরও পড়ুন: নীল ড্রাম হত্যাকাণ্ডে দোষী মুসকান-সাহিলের ফাঁসির সাজা
খড়িবাড়ির রানিগঞ্জ পুলিশ পোস্টে নতুন ব্যারাকের উদ্বোধন করতে গিয়ে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাও সরেজমিনে খতিয়ে দেখেন আইজি। ওয়াচ টাওয়ারে উঠে দূরবীনের সাহায্যে নজরদারি ব্যবস্থার পরিস্থিতি দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং রেঞ্জের ডিআইজি জয়িতা বসু এবং দার্জিলিংয়ের পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও (Shrikant Jagannathrao)।
আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে একের পর এক মৃত্যু! ভাই-বোন, ভাগ্নের পর প্রাণ গেল উদ্ধারকারীরও
পরে এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি বন্দন সাক্সেনা-সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন সুখেশ কুমার জৈন। সীমান্ত দিয়ে চোরাচালান, মানব পাচার, বিদেশি নাগরিকদের যাতায়াত এবং মাদক পাচার রুখতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। শিলিগুড়ি করিডরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি আরও জোরদার করার বিষয়টিও উঠে আসে বৈঠকে।
বৈঠক শেষে আইজি জানান, সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ, এসএসবি ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভুটান ও নেপাল সীমান্তে নজরদারি চালানো হচ্ছে। দুর্গাপুজোকে সামনে রেখে বাড়ানো হয়েছে পুলিশকর্মীর সংখ্যা। পুজোমণ্ডপের নিরাপত্তা থেকে শুরু করে যান চলাচল নিয়ন্ত্রণ, সব দিকেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
আইজি আরও জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশকে চারচাকা গাড়ি ও মোটরবাইক দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছে নজরদারি চালানো এবং নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা সম্ভব হবে। উৎসবের দিনগুলিতে সীমান্ত ও শহরাঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।















