বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। শহর থেকে শহরতলি, সর্বত্রই কয়েক দিন ধরে উৎসবের মেজাজে মেতে ওঠেন মানুষ। সময়ের সঙ্গে দুর্গাপুজোর ব্যাপ্তি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে পুজো কমিটির সংখ্যাও। এবার রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধি নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, এ বছর রাজ্যে রেকর্ড সংখ্যক দুর্গাপুজোর অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও নতুন করে আরও ৮০০টি পুজো কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি অনুদানও দেওয়া হবে তাদের।

আরও পড়ুন: মন্ত্রিসভায় অনুমোদন: ৪৫ হাজারেরও বেশি নতুন পদে দ্রুত শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, ঘোষণা মুখ্যমন্ত্রীর


মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রথম পর্যায়ে রাজ্যে ৫৭ হাজার ৪০০টি দুর্গাপুজো কমিটিকে (Durga Puja Committee) অনুমোদন দেওয়া হয়েছিল। পরে আরও ৮০০টি ক্লাব পুজোর অনুমোদনের জন্য আবেদন জানায়। সময়সীমা পেরিয়ে গেলেও সেই আবেদনগুলি মঞ্জুর করা হয়েছে। ফলে এ বছর রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, গত বছর রাজ্যে প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো হয়েছিল। সেই তুলনায় এ বছর পুজোর সংখ্যা প্রায় ১৩ হাজার বেড়েছে। এই বৃদ্ধিকেই রাজ্যের পরিবর্তনের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তিনি।


একসময় পাড়ায় পাড়ায় চাঁদা তুলে দুর্গাপুজোর আয়োজন করতেন উদ্যোক্তারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাতেই মণ্ডপ তৈরি থেকে শুরু করে প্রতিমা, আলোকসজ্জা এবং পুজোর অন্যান্য খরচ মেটানো হত। এটাই ছিল রীতি। পুজো কমিটিগুলিকে অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার। তাতে সময়ের সঙ্গে পুজোর আয়োজনের পরিসর বেড়েছে। বড় হয়েছে মণ্ডপ, বেড়েছে আলোকসজ্জার জাঁকজমক।