উৎসবের সূচনায় রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! বিভিন্ন দফতরের ৪৫ হাজারের বেশি নিয়োগে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার। বুধবার পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে মোট ৪৫,১৮৫টি নতুন পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, অর্থ দফতরের অনুমোদনের পর বিভিন্ন দফতরে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাঁর দাবি, সমস্ত নিয়োগই হবে সম্পূর্ণ নিয়ম মেনে এবং মেধার ভিত্তিতে। 
আরও পড়ুন: দুর্গাপুজোয় মহানগরের ভিড় সামলাতে আজ থেকে পথে অতিরিক্ত পুলিশ-ট্রাফিক পুলিশ

আগেই নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন স্কুল শিক্ষা দফতরে সবচেয়ে বেশি পদের নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সেখানে মোট ৩৩,১১৯টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, স্নাতকোত্তর স্তরের শিক্ষক এবং প্রধান শিক্ষক-শিক্ষিকার পদও রয়েছে।

এ ছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭,১১৯টি, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতরে ১,৮৮৬টি এবং পুলিশে ডেপুটি কমিশনার থেকে সাব-ইন্সপেক্টর, এএসআই ও লেডি কনস্টেবল মিলিয়ে ৯৯৬টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে কর্মসংস্থান বাড়ানো এবং প্রশাসনিক শূন্যপদ দ্রুত পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।