বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো ঘিরে সেজে উঠেছে মহানগর। রাস্তায় এখন থেকে পুজোপ্রেমীদের ভিড়। সঙ্গে চলছে শেষমুহূর্তের বিকিকিনি। এই পরিস্থিতিতে ভিড় সামাল তৈরি লালবাজার (Lalbazar)। বুধবার থেকেই পথে নেমেছে ১২ হাজার পুলিশ ও ২০ হাজার অস্থায়ী হোমগার্ড। ট্রাফিক সামলাতে মোতায়েন ৬ হাজার ট্রাফিক পুলিশ ও অস্থায়ী হোমগার্ড (Homeguard)।

মঙ্গলবারই ট্রাফিক গার্ডের ওসি ও ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন লালবাজারের শীর্ষকর্তারা। সূত্রের খবর, সেখানে ট্রাফিক (Traffic) সামলানোর পাশাপাশি বাইপাস-সহ কলকাতা গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে চলবে কড়া নজরদারি। হেলমেট বিহীন বাইক আরোহী, বাইকে ট্রিপল রাইডিংয়ের ব‌্যাপারে কড়া ব‌্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে শহর এবং শহরতলিতে তীব্র যানজট। নাজেহাল পথচারী থেকে গাড়ি চালকরা। গুচ্ছ অভিযোগের প্রেক্ষিতে কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, বাইরে থেকেও অনেক মানুষ পুজোয় (Durga Pujo) আসেন, যাঁরা রাস্তায় চলাচল করেন। শৃঙ্খলা না থাকলে, সমস‌্যার সৃষ্টি হবে। তবে খুব তাড়াতাড়ি যানজট কেটে যাবে বলেও আশ্বাস দেন কলকাতার নগরপাল। 

তবে, শুধু রাস্তা নয়, শহরের উড়ালপুলগুলির উপরও চাপ বাড়ছে। বিশেষ করে মা ফ্লাইওভারের উপর তীব্র যানজট হচ্ছে। ফ্লাইওভারে যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

শহরের অনেক বড় মণ্ডপে ভিড় জমে উঠেছে। বাইরে থেকেও বহু মানুষ আসছেন কলকাতায়। ফলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী নামাচ্ছে পুলিশ।