প্রশাসনিক দায়িত্বে নরেন্দ্র মোদির (Narendra Modi) ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রস্তাব গ্রহণ করল রাজ্য মন্ত্রিসভা। পুজোর ছুটির আগে আয়োজিত বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রীর প্রশাসনিক অভিজ্ঞতা ও বিভিন্ন ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেই এই প্রস্তাব আনা হয়েছে। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদির রাজনৈতিক প্রশাসনিক যাত্রা শুরু। পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ। এই দীর্ঘ সময়ে অর্থনীতি থেকে পরিকাঠামো, শিল্প, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক প্রকল্পে তাঁর নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার প্রস্তাবে সেই অবদানের কথাই তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: IPL: দাদা হাল ধরতেই শুরু বদল, ৫ কোটির পেসারকে বিক্রি করল দিল্লি ক্যাপিটালস

তবে শুধু প্রশাসনিক কাজ নয়, বাংলার ভাষা ও সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর ভূমিকার কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন শুভেন্দু। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া, শান্তিনিকেতনের বিশ্ব ঐতিহ্যের মর্যাদা এবং দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির প্রসঙ্গ উঠে এসেছে তাঁর বক্তব্যে। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের প্রতি সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং গৌড়ীয় মঠের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির প্রতিও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার কথা তুলে ধরেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: পুজোর আগে চা-শ্রমিকদের জোড়া উপহার! অ্যাকাউন্টে ৫ হাজার, পরিবারপিছু অতিরিক্ত ৫০ কেজি চাল

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভার গৃহীত এই বিশেষ প্রস্তাব বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অঙ্গীকার করেছে রাজ্য মন্ত্রিসভা।