আসন্ন মরশুমে দিল্লি ক্যাপিটালসে দেখা যেতে চলেছে মহারাজ-যুবরাজের জুটি।  কোচ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর সহকারী যুবরাজ নিযুক্ত হতেই দল গুছিয়ে নিতে শুরু করল দিল্লি ক্যাপিটালস। 

আইপিএল নিলামের আগেই ট্রেডিং করল দিল্লি ক্যাপিটালস। দিল্লি থেকে হায়দরাবাদে গেলেন টি নটরাজন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত হায়দরাবাদেই ছিলেন নটরাজন। সেখানেই ২০২৪ সালে ১৯ উইকেট নেওয়ার পর নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় বাঁহাতি পেসারকে কিনেছিল দিল্লি। কিন্তু গত দুই মরশুমে তাঁর পারফরম্যান্স ছিল তলানিতে। নটরাজনের বদলে জিশান আনসারিকে দিল্লিতে পাঠিয়েছে হায়দরাবাদ। আইপিএলে দক্ষিণের রাজ্যের দলের হয়েই নজর কেড়েছিলেন আনসারি। 

দিল্লি ক্যাপিটালসের নতুন হেড কোচের পদে নিযুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের।  দিল্লি দলের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত মহারাজ। এবার ভারতের মাটিতে কোচিং ইনিংস শুরু করছেন দাদা।

এর আগে  দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিং করিয়েছেন।  দলকে ফাইনালে তুলেছিলেন।  তবে চ্যাম্পিয়ন করাতে পারেননি। এবার কেএল রাহুলদের কোচিং করাবেন মহারাজ।   মঙ্গলবার দুপুরে  দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে ভিডিও পোস্ট করে জানিয়ে দেওয়া হল আসন্ন আইপিএলে দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন সৌরভই। 

দিল্লি টিমের কর্ণধার জেএসডব্লিউয়ের পার্থ জিন্দাল সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ। এক সময়ে সৌরভ দিল্লি টিমের মেন্টর ছিলেন। এখনও জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভই।  জল্পনা মতোই সৌরভের সহকারী  হয়েছেন যুবরাজ সিং। 
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৫ সালে আইপিএল নিলামে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে ১৬ কোটি টাকায় দলে নিয়েছিল।

সেই সময় আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ। এবার নতুন ভূমিকায় সেই ফ্র্যাঞ্চাইজিতেই ফিরছেন তিনি।দিল্লি ক্যাপিটালসের তরফে নতুন দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজ। তিনি বলেন, “দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি উত্তেজিত। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরনো সম্পর্ক রয়েছে। মালিকদেরও ভালভাবে চিনি। তাই এই সুযোগ আমার কাছে বিশেষ।”