ভারত ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি২০ ম্যাচের আগে টিকিটের কালোবাজারি হায়দরাবাদে। বিনামূল্যে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট চড়া দামে বিক্রির অভিযোগ উঠল হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এক কর্তার বিরুদ্ধে। সংস্থার কর্তা সতীশচন্দ্র শ্রীবাস্তব, তাঁর পুত্র আকর্ষিত শ্রীবাস্তব-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর বেগম বাজারের এসডি মলের সামনে টিকিটের কালোবাজারি খবর পেয়ে হানা দেয় পুলিশ। রাত ৯টা নাগাদ অভিযান চালিয়ে অবিনাশ দারক ও মোহিত সোমানিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তদন্তে ন’টি কমপ্লিমেন্টারি টিকিট বিক্রির তথ্য উঠে এসেছে। এর বাইরে আরও টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় চার জনকেই গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের দাবি, জেরার মুখে আটক দারক এবং সোমানি জানিয়েছেন, কমপ্লিমেন্টারি টিকিট চড়া দামে বিক্রির জন্য তাদের কাছে দেওয়া হয়। এর পর সেগুলি টেলিগ্রাম এবং হোয়াট্সঅ্যাপের মাধ্যমে তাঁরা গ্রাহকদের চড়া দামে বিক্রি করেন। পুলিশের দাবি, ৩৫০০ থেকে ৬০০০ টাকা দামে টিকিট বিক্রি করা হয়েছে। আকর্ষিত টিকিটগুলি পেয়েছিলেন বাবা সতীশের থেকে, যিনি এইচসিএ সদস্য।ম্যাচের আগে টিকিটের কালোবাজারি রুখতে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ। স্বীকৃত সংস্থার কাছ থেকেই টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও টিকিটের বেআইনি কেনাবেচা নজরে এলে পুলিশকে খবর দেওয়ারও আবেদন জানানো হয়েছে।
তিন ম্যাচের টি২০ সিরিজ শেষে আপাতত ভারত ২-১ ফলে এগিয়ে আছে। হায়দরাবাদে ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত।















