বাড়িতে আগুনে অগ্নিদগ্ধ হওয়ার পর ধুলিয়ান থেকে কলকাতা, সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি। দ্রুত বদলেছে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের (Sagardighi MLA Bayron Biswas) চিকিৎসার জায়গা। রবিবার রাতেই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার পরিবারের তরফে জানানো হয়েছে, দিল্লিতে চিকিৎসা শুরু হয়েছে এবং আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন বায়রন।
বায়রনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাঁর দাদা মিল্টন বিশ্বাস (Milton Biswas) জানান, বায়রনের ডায়াবেটিস রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে। আগুনে পোড়ার ক্ষতের সঙ্গে এই শারীরিক সমস্যাগুলিও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ধুলিয়ানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আর কোনও ঝুঁকির মধ্যে না রেখে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।
বায়রনকে প্রথমে ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবারের অগ্নিকাণ্ডের পর প্রায় দু’দিন সেখানেই আইসিইউতে চিকিৎসা চলে। ওই সময় তাঁর শারীরিক অবস্থায় কিছু নতুন সমস্যা দেখা দেয় বলে সূত্রের খবর। এরপরই চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের সিদ্ধান্তে কলকাতা থেকেই এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লিতে পাঠানো হয় তাঁকে।
মিল্টন বিশ্বাসের কথায়, বায়রনের চিকিৎসা নিয়ে পরিবার যথেষ্ট সতর্ক রয়েছে। তিনি বলেন, তাঁর ভাইয়ের সুগারের সমস্যা ছাড়াও আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। দিল্লিতে নিয়ে যাওয়ার পর ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে এবং বায়রন সেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
শনিবারের ঘটনায় বায়রনের শরীরের একাধিক জায়গায় পোড়ার ক্ষত তৈরি হয়েছে। দুই পায়ের হাঁটুর নীচে এবং বাঁ হাতের কনুইয়ের নীচের অংশে আগুনে চোট লাগে। পরিবারের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় বায়রনের রক্তে শর্করার মাত্রা কম ছিল। ঘরে শুয়ে থাকা অবস্থাতেই আচমকা আগুন লাগে।
ঘটনার পর স্থানীয়রাই বায়রনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধুলিয়ানে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রবিবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তবে চিকিৎসার গোপনীয়তার কারণে দিল্লির কোন হাসপাতালে বায়রন ভর্তি রয়েছেন, তা জানাতে চাননি তাঁর দাদা।
ডায়াবেটিস-সহ একাধিক শারীরিক সমস্যা থাকায় তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত তাঁর চিকিৎসাতেই জোর দিচ্ছে পরিবার। দ্রুত সুস্থ হয়ে বায়রন বাড়ি ফিরুন, সেটাই এখন পরিবারের আশা।















