দুর্গাপুজো (Durga Puja) মিটলেই রাজ্যে প্রকাশ হতে চলেছে নতুন শিল্পনীতি (New Industrial Policy)। বিনিয়োগ টানা এবং রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই নতুন নীতিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, শিল্পনীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠী ও আমলাদের সুপারিশ প্রায় চূড়ান্ত। পিতৃপক্ষ চলায় এই মুহূর্তে তা প্রকাশ করা হচ্ছে না। পুজোর পরই আনুষ্ঠানিক ভাবে নতুন শিল্পনীতির ঘোষণা হবে।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ছাত্রীদের জন্য ৫০ হাজার, ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুধু শিল্পনীতি প্রকাশ নয়, অক্টোবরেই রাজ্যে একাধিক বড় শিল্প প্রকল্পের কাজও শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রায় ৬ হাজার কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন হবে। এই প্রকল্পের হাত ধরে রাজ্যে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজ্যের চার প্রান্তে বিমানবন্দর: কল্যাণীতে আন্তর্জাতিক উড়ান, আকাশপথে ‘মেগা প্ল্যান’ মুখ্যমন্ত্রীর
এর পর ২৮ অক্টোবর হরিণঘাটায় রিলায়েন্সের ক্যাম্পাকোলা প্রকল্পের ভূমিপুজো হবে। ফলে একই মাসে রাজ্যে একাধিক বড় শিল্প উদ্যোগের সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নতুন শিল্পনীতির মূল লক্ষ্য শুধু রাজ্যে বিনিয়োগ আনা নয়, সেই বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের পরিসরও বাড়ানো। শিল্পের প্রসারের সঙ্গে যাতে সাধারণ মানুষের কাজের সুযোগ তৈরি হয়, নতুন নীতিতে সেই বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে।















