প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী সেবা জ্যোতি যাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়েছে। তারই প্রস্তুতি হিসেবে হুগলি জেলার চন্দননগরে অফিস টাইমে রাস্তা আটকে আলপনা দেওয়া হচ্ছে মোদির নামে। চন্দননগরের স্ট্র্যান্ড রোডের এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। আইনজীবীদের একাংশ প্রতিবাদ করতেই তাঁদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এরপরই আইনজীবীদের গায়ে হাত তোলার প্রতিবাদে তিনদিন কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন চন্দননগর মহকুমা আদালতের আইনজীবীরা।
ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তা আটকে আলপনা দেওয়া হচ্ছিল যার ফলে তীব্র যানজট তৈরি হয়। আইনজীবীদের দাবি, চন্দননগর মহকুমা আদালতে যাওয়ার পথ আটকে রাখা হয়েছিল।এর প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনার পর ক্ষোভে আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেন আইনজীবীরা। এরপর বেশ কিছুক্ষণ আইনজীবীদের মধ্যে আলোচনা চলে। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দননগর মহকুমা আদালতের আইনজীবী সুশান্ত সেনগুপ্ত অভিযোগ করেন, চন্দননগর স্ট্যান্ডের সামনে আদালতে যাওয়ার সময় তাঁদের উপর কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। আদালত চত্বরে ড্রোনের মাধ্যমে নজরদারি চলে এবং বেশ কয়েকজন বরিষ্ঠ আইনজীবীর উপরেও হামলা করা হয়।
সুশান্ত সেনগুপ্ত আরও জানান, ঘটনার বিষয়ে চন্দননগর থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, আইনজীবীদের গায়ে হাত তোলার প্রতিবাদে তিনদিন চন্দননগর মহকুমা আদালতের সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।















