পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার (Siddhinath Gupta) চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে মঙ্গলবার (৬ অক্টোবর) সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। জনস্বার্থে সর্বভারতীয় পরিষেবা (মৃত্যু-সহ অবসর সুবিধা) বিধি শিথিল করে ৩১ অক্টোবরের পর আরও ছ'মাস তিনি দায়িত্বে থাকবেন বলে নির্দেশে জানানো হয়েছে।

১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে চলতি বছরের মার্চ মাসে রাজ্যের ডিজি ও আইজিপি পদে আনে নির্বাচন কমিশন (ECI)। বাংলায় নির্বাচনের আবহে তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর হাতে রাজ্য পুলিশের দায়িত্ব তুলে দেওয়া হয়। রাজীব কুমারের অবসরের পর ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্বে ছিলেন পীযূষ পাণ্ডে।

এর আগে চলতি বছরের এপ্রিলেও সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ ছ'মাস বাড়ানো হয়েছিল। সেই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই ফের আরও ছ'মাসের জন্য তাঁর কাজের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। এর ফলে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন সিদ্ধিনাথ গুপ্তা।