নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ডাক দিল তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুরে আয়োজিত এক দলীয় কর্মীসভায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় দাবি করেন, সাম্প্রতিক কিছু ঘটনাবলি প্রকাশ্যে আসায় সাধারণ মানুষের কাছে বিজেপির নির্বাচনী কৌশল স্পষ্ট হয়ে গিয়েছে এবং তাতে দলটির অবস্থানও প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে বিজেপিকে সরাতে সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে গণতান্ত্রিক লড়াই গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

একই মঞ্চ থেকে দলীয় কর্মীদের সক্রিয় থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে রাজনৈতিক আন্দোলনের যে ধারাবাহিকতা রয়েছে, কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ প্রয়াসে তা জাতীয় স্তর পর্যন্ত প্রভাব ফেলবে। প্রতিকূলতা সত্ত্বেও সভায় সাধারণ কর্মী-সমর্থকদের উপস্থিতির প্রশংসা করেন তিনি। 

শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অসিত মজুমদারের পরিচালনায় আয়োজিত এই সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন দলের নেত্রী প্রিয়াঙ্কা অধিকারীও।