ধানের জমিতে সাতসকালেই মর্মান্তিক দৃশ্য। জমির মধ্যে পড়ে রয়েছে তিনটি হাতির (Elephant) দেহ। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া গ্রামে ঘটনা এটি। মৃত হাতিগুলির মধ্যে রয়েছে দু’টি শাবকও। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
আরও পড়ুন: গ্ল্যামারের আড়ালে এক অবহেলিত অধ্যায়: আজ কোথায় ‘জন্মভূমি’র সেই নিমাই ঘোষ
কীভাবে মৃত্যু হল তিন হাতির? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি দেখে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনাই প্রাথমিক ভাবে উঠে আসছে। যে জায়গায় হাতিগুলির দেহ পড়ে ছিল, তার কাছেই একটি বিদ্যুতের তার ঝুলতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ধানের জমিতে পাম্প চালানোর জন্য ওই তার নিয়ে যাওয়া হয়েছিল।
পিড়াকাটা রেঞ্জের ফরেস্ট অফিসার শুভাশিস চৌধুরী জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাঁর কথায়, জমিতে সেচের কাজে ব্যবহারের জন্য বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। সেই তার থেকেই হাতিগুলি তড়িদাহত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।
আরও পড়ুন: ফের বিপর্যয় নেপালে, তুষারধসে নিখোঁজ অন্তত ১০ জন
ঘটনার আরও একটি দিক ভাবাচ্ছে স্থানীয়দের। গ্রামবাসীদের একাংশের দাবি, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ এলাকায় হাতির চিৎকার শোনা গিয়েছিল। সেই সময়ই কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের অনুমান।
ইতিমধ্যে মৃত হাতিগুলিকে ঘিরে সকাল থেকেই এলাকায় মানুষের ভিড়। বনদপ্তর দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। রিপোর্ট হাতে এলেই তিন হাতির মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
















