বাবার মৃত্যুর সময় মেয়ের বৈবাহিক পরিচয়ই পারিবারিক পেনশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পরে মেয়ে ডিভোর্সি (Divorced) হলেও নতুন করে বাবার পেনশনের (Pension) অধিকার তৈরি হবে না বলে জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ফলে বাবার মৃত্যুর সময়ে বিবাহিত থাকা কোনও মেয়ে পরবর্তীকালে বিবাহবিচ্ছিন্ন হলেও পারিবারিক পেনশনের সুবিধা পাবেন না।

এই সংক্রান্ত মামলায় আবেদন করেছিলেন গায়ত্রী মুখোপাধ্যায় (Gayatri Mukhopadhyay)। তাঁর দাবি, স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার পর বহু বছর তিনি বাবার আর্থিক সহায়তার উপর নির্ভর করতেন। সেই কারণ দেখিয়েই প্রয়াত বাবার পারিবারিক পেনশন পাওয়ার আবেদন জানান তিনি। মামলার শুনানিতে তাঁর পক্ষ থেকে ২০০৮ সালের সরকারি নির্দেশিকা এবং ২০১৯ সালের একটি সার্কুলারের প্রসঙ্গও তোলা হয়, যেখানে নির্দিষ্ট ক্ষেত্রে অবিবাহিত, বিধবা ও বিবাহবিচ্ছিন্ন কন্যাদের পারিবারিক পেনশনের সুবিধার কথা রয়েছে।

তবে WPA 15609 of 2025 মামলায় বিচারপতি রীতব্রত কুমার মিত্রের পর্যবেক্ষণ, এই সুবিধার শর্ত পরবর্তী সময়ে পূরণ হলে তা দিয়ে অতীতের কোনও অধিকার তৈরি করা যায় না। গায়ত্রীর বাবা মারা যান ২০১৮ সালে। সেই সময় তিনি আইনত বিবাহিত ছিলেন। তাঁর বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয় ২০২১ সালে। এই সময়ের ব্যবধানকেই গুরুত্বপূর্ণ বলে ধরে আদালত জানায়, বাবার মৃত্যুর দিন তিনি যে অবস্থায় ছিলেন, পেনশনের দাবি বিচারেও সেটিই ধরা হবে। সেই কারণেই তাঁর আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। মামলায় কোনও খরচ ধার্য করা হয়নি।