প্রশাসনের কাজে গতি আনাই এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari) মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই মন্ত্রীদের রাস্তায় অতিরিক্ত সক্রিয়তা কমিয়ে নিজেদের দফতরের কাজে আরও সময় দেওয়ার বার্তা দিলেন তিনি। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে অগ্নিমিত্রা পাল ও শারদ্বত মুখোপাধ্যায়কে এই ‘পরামর্শ’ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সরকারের কাজের বাইরে প্রকাশ্য কর্মসূচিতে বেশি সময় না দিয়ে প্রশাসনিক দায়িত্বে নজর দেওয়ার উপরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি দুই মন্ত্রীরই নানা ক্ষেত্রে প্রকাশ্য অতিসক্রিয়তা নজরে এসেছে। তাতে কখনও কখনও অসস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। হাসপাতাল পরিদর্শন এবং জনসংযোগে ব্যস্ত ছিলেন শারদ্বত। এ দিনই বিধাননগরে নিজের ‘বিধায়ক দরবারে’ পীযূষ কানোরিয়ার সঙ্গে প্রকাশ্যে বচসায় জড়ান তিনি। অন্য দিকে, ফুটপাত দখল, বাজার বা পথ নিরাপত্তার মতো বিষয়ে রাস্তায় নেমে অগ্নিমিত্রার সক্রিয়তার একাধিক ভিডিও সামনে এসেছে। এই পরিস্থিতিতে দুই মন্ত্রীকে নিজেদের দফতরের কাজেই মন দেওয়ার বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে প্রশাসনিক কাজের গতি বাড়াতে একাধিক সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। নিয়োগের সমস্যা দ্রুত মেটানো এবং বাজেটের বরাদ্দ যথাযথ ভাবে কাজে লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশে ২ হাজার এবং রাজ্য পুলিশে ৬ হাজার নিয়োগের বিষয়েও দ্রুত পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, কর্মী নিয়োগ থেকে অর্থের ব্যবহার প্রতিটি ক্ষেত্রেই দফতরগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা মেনে এগোনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।