পুজোয় বাঙালিকে আমিষ বর্জনের নিদান দিয়ে বিস্তর বিতর্ক জড়িয়েছেন স্বঘোষিত বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী (Dhirendrakrishna Shastri)। এই নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। এবার সেই মন্তব্যের বিরোধিতা করে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ও বিজেপিকে একযোগে আক্রমণ শাণালেন বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বাইরে থেকে এসে বাঙালির উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মত কুণালের। অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) গাওয়া ”কিচ্ছু চাইনি আমি...-র প্যারোডি করে তিনি গেয়ে ওঠেন, কিচ্ছু চাইনি আমি আজীবন বিরিয়ানি ছাড়া”। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “বিজেপি (BJP) ও তার বন্ধুরা মিলে বাংলা ও বাঙালিকে প্রতিনিয়ত অপমান করছে। ধর্মগুরুরা পর্যন্ত কুকথা বলছেন।”
বাগেশ্বর বাবা হাওড়ার লিলুয়ায় কথাপাঠে এসেছিলেন। সেখানে তাঁকে স্বাগত জানাতে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত ছিলেন। আর তা নিয়েই এবার রাজ্য সরকারের (State Government) দিকে কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। পুজোয় আমিষ খাওয়া বাঙালিকে ‘পাখণ্ডী’ বলে অভিহিত করেন। কিন্তু বিজেপি বা প্রশাসনের তরফে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এখনও মুখ্যমন্ত্রী এই মন্তব্যের কোনও প্রতিবাদ কিংবা নিন্দা করেননি। কথাপাঠে উপস্থিত থাকা সমস্ত বিজেপি নেতার জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন বেলেঘাটার বিধায়ক। রাজ্য প্রশাসন কেন স্বতঃপ্রণোদিতভাবে (Suo Motu) ব্যবস্থা নেয়নি, তা নিয়েও উষ্মা প্রকাশ করেন কুণাল।
নিরামিষে মন ভরবে না, আমিষেই বুঁদ কুণাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তাঁর স্বভাবসিদ্ধ সরস ভঙ্গিতেই গেয়ে ওঠেন বেলেঘাটার বিধায়ক। সুরে সুরে গেয়ে ওঠেন, ”কিচ্ছু চাইনি আমি আজীবন বিরিয়ানি ছাড়া।”
















