ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর ঠিকানায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খালি করার যে নির্দেশ জারি করেছিলেন বাড়ির মালিক, তাতে স্থগিতাদেশ দিল কলকাতার সিটি সিভিল কোর্ট। গত ২৮ অগাস্ট মালিক পক্ষের তরফে ২৪ ঘণ্টার মধ্যে ওই দফতর ছেড়ে দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে তৃণমূলের তরফে আদালতে আবেদন জানানো হলে আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। এর ফলে পরবর্তী শুনানি পর্যন্ত ওই কার্যালয় ব্যবহারে আর কোনও আইনি বাধা রইল না।

তৃণমূল কংগ্রেসের আইনজীবী অর্ক নাগ জানান, গত ২৮ অগাস্ট ক্যামাক স্ট্রিটের ৯ নম্বরে অবস্থিত কার্যালয়টি খালি করে দেওয়ার নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফে অবিলম্বে সিটি সিভিল কোর্টে দ্বারস্থ হওয়া হয়। আদালতের কাছে বিষয়টি তুলে ধরার পর বিচারক ওই উচ্ছেদ নোটিশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আগের মতোই ওই কার্যালয় ব্যবহার করা যাবে।

আদালত সূত্রে খবর, বিচারক সুধীর কুমারের এজলাসে এই মামলার শুনানি হয়। আদালত পর্যবেক্ষণে জানায়, নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে কার্যালয় খালি করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়ে। প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ ও নথি খতিয়ে দেখার পর আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করেছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারক। এ ছাড়া আগামী ১ অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত লিখিত বক্তব্য আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।