পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal in Paschim Medinipur) বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে থেকে রাজ্যে রিলায়েন্সের (Reliance) সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে মুম্বই থেকে ইতিমধ্যেই রিলায়েন্সের একটি দল এসেছে। এ রাজ্যে সংস্থাটি একাধিক ক্ষেত্রে লগ্নি করতে আগ্রহী বলেও জানান তিনি।
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলায় পাঁচ-ছ’টি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুম্বইয়ে আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেই আলোচনায় পশ্চিমবঙ্গে সংস্থার বিনিয়োগ এবং ব্যবসা বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা হয়।
নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে বড় শিল্পের বিনিয়োগ নিয়ে বারবার উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই ধারাতেই রিলায়েন্সের সঙ্গে আলোচনা হয়। ‘রাইজিং ভারত সামিট’ এর মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং রিলায়েন্স বাংলায় বিনিয়োগের পরিকল্পনা করছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হতে পারে ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর হাব। রিলায়েন্সের তরফে পাঠানো দলের সঙ্গে আলোচনার পর বিনিয়োগের ক্ষেত্র, পরিমাণ এবং প্রকল্পের রূপরেখা আরও স্পষ্ট হবে। রাজ্যে বড় শিল্পের লগ্নি বাড়ানোর ক্ষেত্রে রিলায়েন্সের এই আগ্রহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে সরকার।
















